চাঁদপুরের ফরিদগঞ্জে রাষ্ট্রকাঠামো মেরামতের লক্ষ্য নিয়ে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচার ও সচেতনতা তৈরির উদ্দেশ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ নভেম্বর) বিকেলে ইউনিয়নের পূর্ব লাউতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ বৈঠকে সভাপতিত্ব করেন গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাওলানা আবুল কালাম।
বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ।
আপনার বক্তব্যে তিনি বলেন,
“২০০২ সাল থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় আছি। দীর্ঘ ১৮ বছর আমাদের নেতাকর্মীদের ওপর নানা ধরনের মামলা-হামলার চাপ ছিল। ২৮৭টির মতো মামলা মোকাবিলা করতে হয়েছে। দ্রুত বিচার আইনের মামলায়ও আদালতের দৌড়ঝাঁপ করতে হয়েছে। অনেক সময় নেতাকর্মীরা চট্টগ্রামে থেকে কষ্টে দিন কাটিয়েছেন। একটি মামলাতেই প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করতে হয়েছে। তবুও আমি কখনো দলের মানুষকে এক মুহূর্তের জন্য ছাড়িনি। এমপি থাকাকালে ফরিদগঞ্জে যেসব উন্নয়ন করেছি, ভবিষ্যতে সুযোগ পেলে তা আরও এগিয়ে নিতে চাই।”
বৈঠকে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।