চাঁদপুরের ফরিদগঞ্জে জমি-সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ চরম আকার ধারণ করেছে। উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল এলাকায় বড় ভাই হাবিবুর রহমান তার ছোট ভাই আব্দুর রহমান ফরহাদ–এর বসতঘরের ঠিক মাঝ বরাবর ইটের দেয়াল তুলে ঘরটিকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন—এমন অভিযোগ পাওয়া গেছে।
পরিবারের দাবি, বড় ভাই প্রথমে ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন, কিছু আসবাবপত্র সরিয়ে নেন এবং পরে সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে ফেলেন। এরপর শ্রমিক এনে স্থায়ী দেয়াল তুলে ঘরটি দ্বিখণ্ডিত করে দেন। এতে ছোট ভাইয়ের পরিবারের ব্যবহারযোগ্য অংশটি খুবই সীমিত হয়ে পড়ে এবং তারা তাৎক্ষণিক ভোগান্তিতে পড়েন।
স্থানীয়রা জানান, সৌদি প্রবাসী হাবিবুর রহমান ও আমেরিকা প্রবাসী ফরহাদের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ বহুদিনের। সালিসি বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বর্তমান ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ছোট ভাই ফরহাদের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, যিনি বর্তমানে চাঁদপুর শহরে সন্তানদের পড়াশোনার কারণে ভাড়া বাসায় থাকেন, ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “বাড়িতে গিয়ে দেখি তালা ভাঙা, মালপত্র সরিয়ে নেওয়া, সিসি ক্যামেরা ভাঙা—সব মিলিয়ে আমাদের হয়রানি করা হয়েছে। প্রতিবাদ করলে আমার ভাসুর আমাকে গালিগালাজ করেন এবং মারতে তেড়ে আসেন।”
এলাকার বাসিন্দারাও বড় ভাইয়ের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের মতে, পারিবারিক বিরোধ আলোচনা বা আইনের মাধ্যমে নিষ্পত্তি করা উচিত, কিন্তু এমন আচরণ অগ্রহণযোগ্য।
ফরিদগঞ্জ থানার এএসআই মাসুদুর রহমান জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।