প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গোমতী নদীর চরে অটোচালক কিশোরের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লার বুড়িচং উপজেলার গোমতী নদীর চর এলাকা থেকে মাইনুদ্দিন (১৭) নামে এক অটোচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৬ নভেম্বর) সকাল দিকে ভান্তি সংলগ্ন চরে স্থানীয় কৃষকরা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহত মাইনুদ্দিন দেবিদ্বারের ধামতি গ্রামের মোহাম্মদ মোখলেস উদ্দিনের ছেলে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে কিশোরটির অটোরিকশা থেকে ছিনতাই হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে—রাতের কোনো একসময় অটোরিকশার ব্যাটারি লুট করতে গিয়েই কিশোরটিকে হত্যা করা হয়। পরে মরদেহটি কাপড়ে মোড়ানো অবস্থায় চরে ফেলে রাখা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা