প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেখ হাসিনার রায় ঘোষণার আগে সুপ্রিম কোর্টের আশেপাশে সেনা মোতায়েনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকায় পর্যাপ্ত সেনা মোতায়েনের ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রাইব্যুনালে নিরাপত্তা নিশ্চিত করতে রেজিস্ট্রার জেনারেলের অফিস থেকে সেনা সদর দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবারও রায়ের তারিখ ঘোষণার প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্ট প্রশাসন সেনাকে আবেদন করেছিল।

দেশের বর্তমান পরিস্থিতি ও মামলার সংবেদনশীলতার কারণে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ঢাকা এবং আরও চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, যিনি ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।

সুপ্রীম কোর্টের এই পদক্ষেপ আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাইব্যুনাল এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য নেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা