বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালে দেশের ব্যাংকগুলোতে লেনদেন বন্ধ থাকার দিনগুলোর তালিকা প্রকাশ করেছে। রবিবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, আগামী বছরে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে মোট ২৮ দিন ব্যাংক ছুটি থাকবে। এর মধ্যে ৬ দিন শুক্রবার, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলেছে। এছাড়া ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে হিসেবে লেনদেন বন্ধ থাকবে।
২০২৬ সালের ছুটির তালিকার উল্লেখযোগ্য তারিখগুলো হলো—৪ ফেব্রুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ শবে কদর, ১৯–২৩ মার্চ ঈদুল ফিতর ও জুমাতুল বিদা, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি (শুধু তিন পার্বত্য জেলার জন্য), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১ মে মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা, ২৭–৩১ মে ঈদুল আজহা, ২৬ জুন পবিত্র আশুরা, ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস, ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২০–২১ অক্টোবর দুর্গাপূজা, ১৬ ডিসেম্বর বিজয় দিবস ও ২৫ ডিসেম্বর বড়দিন।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, ধর্মীয় দিবসগুলোর ছুটি চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তন হতে পারে।