বগুড়ার শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ভোরের দিকে গাড়িদহ এলাকায় প্রতিষ্ঠানের নামফলকে আগুন লাগানোর চেষ্টা করে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে নিশ্চিত করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
রোববার (১৬ নভেম্বর) সকালে শাখা ব্যবস্থাপক মো. রবিউল ইসলাম জানান, অফিসে এসে তিনি নামফলকে পোড়া দাগ দেখতে পান। এ থেকেই ধারণা করা হচ্ছে, ভোরের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আগুন ধরিয়ে দেয়। নৈশপ্রহরী মজিবর রহমান তখন অফিসের ভেতরে ঘুমিয়ে ছিলেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও সেখানে কোনো ব্যক্তিকে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি।
শেরপুর থানা পুলিশের ওসি এসএম মঈনুদ্দিন জানান, ঘটনাস্থল থেকে দাহ্য পদার্থ বহনে ব্যবহৃত হতে পারে এমন দুটি খালি প্লাস্টিক বোতল উদ্ধার করা হয়েছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা শনাক্তে পুলিশ কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতিও চলছে।