দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও অবনতি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১৩৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, বিভাগভিত্তিক নতুন রোগী ভর্তি হয়েছে—বরিশালে ১৮১ জন, চট্টগ্রামে ১৪১ জন, ঢাকার বাইরে ২৪৬ জন, ঢাকা উত্তর সিটিতে ১৮২ জন এবং দক্ষিণ সিটিতে ১১৮ জন। খুলনা বিভাগে ভর্তি হয়েছে ১১৯ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ৪৬ জন, রংপুরে ৯ জন এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছেন ১ জন।
গত ২৪ ঘণ্টায় সারা দেশে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৯৯ জন রোগী। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৪৪২ জনে।
এ বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৪ হাজার ৯৯৭ জন। ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩৩৬ জন।
উল্লেখ্য, গত বছর ২০২৪ সালে দেশে এক লাখ এক হাজার ২১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং ওই বছরে মৃত্যুবরণ করেন ৫৭৫ জন।