প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আট দলের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৫

প্রধান উপদেষ্টার সাম্প্রতিক ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা কিছুটা বাস্তবায়িত হলেও সব দাবি পূরণ হয়নি—জামায়াতসহ সমমনা আট দল এমন মন্তব্য করেছে। রোববার (১৬ নভেম্বর) সকালে মগবাজারে অনুষ্ঠিত বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই অবস্থানের কথা জানান।

তিনি বলেন, আট দলের পক্ষ থেকেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক সংস্কারের দাবি জানানো হচ্ছে। তবে বেশ কিছু মৌলিক বিষয়ে একটি দল বিরোধিতা করায় সংস্কার পুরোপুরি বাস্তবায়ন সম্ভব হয়নি। এ কারণে জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ওয়েবসাইট, প্রচারপত্র ও গণমাধ্যমের মাধ্যমে জনগণের কাছে সংস্কারগুলোর তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, একটি দল অনলাইনে ‘না’ ভোটের পক্ষে আগাম প্রচারণা শুরু করেছে। এতে জনগণ বুঝতে পারছে কারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। তার দাবি, দেশের বৃহত্তর জনগোষ্ঠী সংস্কারের পক্ষেই আছে, আর যারা বিরোধিতা করবে তারা জনগণের কাছে প্রত্যাখ্যাত হবে।

আট দলের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে তিনি জানান, লিয়াজোঁ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। সব দাবি পূরণ না হওয়ায় আন্দোলন চলমান থাকবে, তবে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি আপাতত নেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, আট দলের আন্দোলন নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না; বরং গণভোটে সংস্কারের প্রস্তাবগুলো অন্তর্ভুক্ত হওয়াই প্রমাণ করে যে আন্দোলন ইতিবাচক ফল দিয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে।

আগামীকাল সোমবার চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দেওয়ার কথা রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এ উপলক্ষে কোনো বিশেষ কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় যেমন মাঠে ছিল দলগুলো, রায় ঘোষণার দিনও তারা মাঠে থাকবে এবং নাশকতা প্রতিহত করবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা