চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে ওয়েবসাইট এবং এসএমএস—দুই মাধ্যমেই শিক্ষার্থীরা ফলাফল জানতে পারছেন।
এর আগে বৃহস্পতিবার শিক্ষা বোর্ডগুলোর বিজ্ঞপ্তিতে জানানো হয় যে ২০২৫ সালের এইচএসসি পুনঃনিরীক্ষণের ফল নির্ধারিত সময়ে প্রকাশ করা হবে। ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে।
ফল জানতে ব্যবহার করা যাবে শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সাইট—educationboardresults.gov.bd।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ঢাকা বোর্ডের ওয়েবসাইটে খাতা চ্যালেঞ্জের সব ফল প্রকাশ হয়েছে।
বোর্ড সূত্রের তথ্য অনুযায়ী, এ বছর সর্বোচ্চ আবেদন পড়েছে ঢাকা বোর্ডে—৬৬ হাজার ১৫০ শিক্ষার্থীর ১ লাখ ৩৬ হাজার ৫০৬টি খাতা পুনঃনিরীক্ষণের জন্য জমা পড়ে। সবচেয়ে কম আবেদন আসে বরিশাল শিক্ষা বোর্ডে, যেখানে ৮ হাজার ১১১ শিক্ষার্থীর পক্ষ থেকে ১৭ হাজার ৪৮৯টি খাতা চ্যালেঞ্জ করা হয়।
এ ছাড়া অন্যান্য বোর্ডে আবেদনসংখ্যা ছিল—
কুমিল্লা বোর্ড: ২২,১৫০ শিক্ষার্থী, ৪২,০৪৪ খাতা
রাজশাহী বোর্ড: ২০,৯২৪ শিক্ষার্থী, ৩৬,২০৫ খাতা
যশোর বোর্ড: ২০,৩৯৫ শিক্ষার্থী, ৩৬,২০৫ খাতা
চট্টগ্রাম বোর্ড: ২২,৫৯৫ শিক্ষার্থী, ৪৬,১৪৮ খাতা
সিলেট বোর্ড: ১৩,০৪৪ শিক্ষার্থী, ২৩,৮২০ খাতা
দিনাজপুর বোর্ড: ১৭,৩১৮ শিক্ষার্থী, ২৯,২৯৭ খাতা
ময়মনসিংহ বোর্ড: ১৫,৫৯৮ শিক্ষার্থী, ৩০,৭৩৬ খাতা
এ ছাড়া বিএম-ভোকেশনালে ১২,০০৭ এবং আলিমে ৭,৯১৬ শিক্ষার্থী তাদের খাতা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন।