বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। লক্ষ্মীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল কালাম জহির (৫০) নামে এক ব্যাক্তি মর্মান্তিকভাবে নিহত হন। রাস্তার পাশে পড়ে থাকা মরদেহের কাছে গুলির খোসা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে নিশ্চিতভাবে জানাতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পশ্চিম লতিফপুর গ্রামের মোস্তফার দোকান এলাকায় সড়কে ওপর জহিরকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একসময় জহির মাদক ও মাটির ব্যবসার সঙ্গে জড়িত ছিল। সেখান থেকে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসছিলেন।
ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই তাকে কুপিয়ে হত্যা করেছে। মরদেহের পাশে গুলির খোসাও দেখা গেছে।
চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন বলেন, ঘটনাটি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল এসেছি। জহিরকে হত্যা করা হয়েছে। ছোট কাউসারের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল। বিষয়গুলো তদন্ত চলছে।