ঢাকা-১২ (তেজগাঁও) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সমর্থকরা টানা আন্দোলনে নেমেছেন। মনোনয়নবঞ্চিত নেতা আনোয়ারুজ্জামান আনোয়ারের সমর্থকরা শনিবার (১৫ নভেম্বর) বিকেলে ফার্মগেট আনন্দ সিনেমা হল থেকে শুরু হওয়া বৃহৎ বিক্ষোভ মিছিলে অংশ নেন।
মিছিলটি বিজয় সরণি হয়ে তেজগাঁও কলেজের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলজুড়ে স্লোগান ছিল, ‘আনোয়ার ভাইকে আমরা চাই’, ‘প্রার্থী পরিবর্তন চাই’, ‘রাজপথের আনোয়ার ভাই’ এবং ‘আমরা তোমাকে চাই’।
নেতারা জানান, ঢাকা-১২ আসনে তৃণমূলের পছন্দের প্রার্থী আনোয়ারুজ্জামান আনোয়ার, কিন্তু দল ঘোষিত প্রার্থী সাইফুল আলম নিরব। ৩ নভেম্বর মনোনয়ন ঘোষণার পর থেকে আনোয়ারের অনুসারীরা রাস্তায় অবস্থান করছেন। ৪ ও ৬ নভেম্বরের পর আজ ছিল তাদের তৃতীয় দফা বিক্ষোভ, যেখানে তারা সতর্ক করেছেন যে তৃণমূলের সিদ্ধান্ত উপেক্ষা করলে নির্বাচনী মাঠে বিরূপ প্রভাব পড়তে পারে।
সমাবেশে উপস্থিত ছিলেন শেরে বাংলা নগর ও তেজগাঁও থানা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় ইউনিট, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল এবং জিয়া মঞ্চের নেতাকর্মীরা। নেতারা বলছেন, আনোয়ারের জনপ্রিয়তা ও সাংগঠনিক গ্রহণযোগ্যতা ঢাকাতে সবচেয়ে বেশি, তাই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা না করলে আন্দোলন আরও বড় আকার ধারণ করবে।
তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, “দলকে জেতাতে চাইলে তেজগাঁওয়ে আনোয়ার ভাইয়ের বিকল্প নেই।”