প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সংবিধান সংশোধন ইস্যুতে অ্যাটর্নি জেনারেল যা বললেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

সংবিধান সংশোধনী মামলার রায় প্রকাশের আগে কারো পক্ষে বা বিপক্ষে ঝোঁক আগে থেকে অনুমান করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি বলেছেন, বিচারকের সিদ্ধান্ত কোন দিকে যাবে তা আগে বলা কঠিন—“বিচারকের মন যেমন, নারীর মনও তেমনি—কখন কোনদিকে যাবে, কেউ জানে না।”

শুক্রবার (১৪ নভেম্বর) ঝিনাইদহের শৈলকুপায় ‘বাংলা সাহিত্যে কবি গোলাম মোস্তফার অবদান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রায়কে ঘিরে সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল জানান, আওয়ামী লীগ রায় কেন্দ্র করে যেসব কর্মসূচি ঘোষণা করেছে তা আইনগতভাবে পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, “আওয়ামী লীগ ইতিমধ্যেই নিষিদ্ধ সত্তা হিসেবে চিহ্নিত। সে কারণে তাদের যেকোনো কর্মসূচিই আইনবিরোধী হিসেবে গণ্য হবে। আইন নিজের গতিতেই চলবে।”

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে এসব পরিস্থিতি আইন-শৃঙ্খলায় প্রভাব ফেলবে বলে তিনি মনে করেন না। “অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, অনেক নেতা পালালে কর্মীরা অরক্ষিত হয়ে পড়ে—তাই তারা ঝুঁকি নেবে কিনা, তা তারা নিজেরাই জানে।”

সংবিধান সংশোধন ও গণভোট প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংবিধান ও আইনের রূপরেখা নির্ধারণের ক্ষমতা সবসময় বিজয়ী শক্তির হাতে থাকে। মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক গণভোট—সবই জনগণের সিদ্ধান্তের প্রতিফলন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, “গণভোট ও সংবিধান নির্ধারণের মাধ্যমে দেশের মানুষই রাষ্ট্রের ভবিষ্যৎ পথ দেখাবেন। এটি শুধু আইনি নয়, রাজনৈতিকভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা