দেশে ডেঙ্গুর প্রভাব এখনো অব্যাহত। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯২ জন রোগী।
শনিবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, গত এক দিনে বরিশাল বিভাগে ১২৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৩৬ জন, ঢাকা বিভাগের বাইরে ১০৭ জন, ঢাকা উত্তর সিটিতে ২২৬ জন, দক্ষিণ সিটিতে ১২১ জন, ময়মনসিংহ বিভাগের বাইরে ৬০ জন এবং সিলেট বিভাগের বাইরে ২ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮০ হাজার ২৪৩ জনে।
এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৩ হাজার ৮৫৮ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৩৩১ জনের।
পূর্ববর্তী বছরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর ২০২৩ সালে প্রাণ গেছে ১ হাজার ৭০৫ জনের, আর আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
বিশেষজ্ঞরা বলছেন, শুষ্ক মৌসুম শুরু হলেও ডেঙ্গুর ঝুঁকি এখনও উল্লেখযোগ্য এবং সতর্কতা বজায় রাখা জরুরি।