প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

‘কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার’ দাবিতে বছরজুড়ে কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন থেকে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে খতমে নবুওয়ত বাংলাদেশ। সংগঠনটি জানায়, ‘কাদিয়ানি’ সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করার দাবিতে এই কর্মসূচি পরিচালিত হবে। আর দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছে তারা।

শনিবার (১৫ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসম্মেলনে আন্তর্জাতিক মজলিসে তাহাফ্‌ফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, “এ দাবি পূরণ না হলে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন থেকে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি আসবে।”

ঘোষিত কর্মসূচি

আগামী ৩০ এপ্রিল পর্যন্ত আলেম-ওলামা ও সাধারণ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ

মে–জুনে দেশের প্রতিটি জেলায় জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান

জুলাই থেকে নভেম্বর পর্যন্ত প্রতিটি বিভাগে বিভাগীয় খতমে নবুওয়ত সম্মেলন

সংগঠনটি আরও জানায়, এসব কার্যক্রম শেষ হওয়ার পরও দাবি পূরণ না হলে আগামী ডিসেম্বর মাসে জাতীয় পর্যায়ের ওলামা-মাশায়েখদের নিয়ে বড় সম্মেলন করে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এই সম্মেলনে অংশ নেন। সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের তত্ত্বাবধান করে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি।

সম্মেলনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন। সভাপতিত্ব করেন মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)। পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও রাজনৈতিক নেতা মাওলানা ফজলুর রহমানও এতে যোগ দেন।

এছাড়া সৌদি আরব, মিসর, ভারত ও পাকিস্তান থেকে আগত শীর্ষ আলেমরা সম্মেলনে আলোচনা করেন। দিনব্যাপী সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সড়কে শৃঙ্খলা রাখতে কাজ করে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির স্বেচ্ছাসেবক দল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা