স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা ৯ দিনের জন্য আরও শক্তিশালী করা হবে। নির্বাচনের আগে পাঁচ দিন, নির্বাচনের দিন, এবং পরে তিন দিন বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী মাঠে থাকবে। তবে দেশের পরিস্থিতি অনুযায়ী এই সময়সীমা সমন্বয় করা হতে পারে।
তিনি বলেন, “বর্তমানে মাঠে আছেন প্রায় ৩০ হাজার সেনা সদস্য। নির্বাচনের সময়ে মোট প্রায় এক লাখ সেনা মোতায়েন করা হবে। বিজিবি ৩৫ হাজার, নৌবাহিনী ৫ হাজার, কোস্টগার্ড ৪ হাজার, র্যাব ৮ হাজার এবং আনসার ৫.৫ লাখের মতো সদস্য নির্বাচনের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। আনসারের জন্য অস্ত্র ও বডি ক্যামেরাও সরবরাহ করা হবে।”
নিরাপত্তা নিয়ে সন্দেহের কোনও সুযোগ নেই উল্লেখ করে তিনি আশ্বাস দেন, “নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।”
সরকার পরিবর্তন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “যে সরকার দেশে পতিত হয়েছে, তা এক বা দুজনের কারণে হয়নি। এটি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফল।”
মতবিনিময় শেষে তিনি পটুয়াখালী পুলিশ লাইন্স ও কোস্টগার্ড স্টেশন পরিদর্শন করেন।