রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন— ক্ষমতায় আসলে সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ বাক্যটি আবারও সংযোজন করা হবে।
শনিবার (১৫ নভেম্বর) শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ এই সমাবেশে তিনি বলেন, সমাবেশের পরিবেশ দেখে তিনি মুগ্ধ। জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতেই তিনি সেখানে উপস্থিত হয়েছেন।
তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম সংবিধানের শুরুতে “বিসমিল্লাহির রাহমানির রাহিম” যুক্ত করেছিলেন, এবং তা এখনো বহাল আছে। তবে প্রস্তাবনায় থাকা ‘মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস’ পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে— যা বিএনপি পুনর্বহাল করবে বলেও ঘোষণা দেন তিনি।
বক্তব্যে তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের দুর্বলতার কারণে আজ প্যালেস্টাইনসহ বিভিন্ন স্থানে মুসলমানরা নির্যাতনের শিকার। তিনি মিল্লাতে ইসলামিয়ার ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
সালাহউদ্দিন আহমেদ জানান, জনগণ সুযোগ দিলে মুসলমানদের দাবি-দাওয়া সংসদে আলোচনার মাধ্যমে আইনি কাঠামোয় আনা হবে। তিনি বলেন, “যারা রাসুলুল্লাহ (সা.)-এর পক্ষে নয়, তারা প্রকৃত মুসলমান হতে পারে না।”