পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে বন্ধুদের হাতে নৃশংসভাবে নিহত কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হক (৪২)-এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে বদরগঞ্জের গোপালপুর নয়াপাড়া আল মাহফুজ মাদ্রাসা মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ছোট–বড় সবার অংশগ্রহণে এলাকায় সৃষ্টি হয় গভীর শোকের আবহ।
শুক্রবার গভীর রাতে মরদেহ গ্রামে পৌঁছালে এলাকাজুড়ে কান্নার রোল পড়ে যায়। শনিবার ভোর থেকেই দূর-দূরান্ত থেকে মানুষ জানাজায় অংশ নিতে নয়াপাড়া গ্রামে ভিড় জমায়। মায়ের মূর্ছা যাওয়া, বাবার কান্না আর স্ত্রীর বিলাপ—সব মিলিয়ে শোকের ছায়ায় আচ্ছন্ন হয়ে পড়ে গ্রামটি।
পরিবারের দাবি—বাল্যবন্ধু জরেজুল ইসলাম (জরেজ) ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেন আশরাফুলকে। এ ঘটনায় নিহতের বোন আনজিনা বেগম শাহবাগ থানায় হত্যা মামলা করেন। মামলার প্রধান আসামি জরেজুলসহ শামীমা নামের এক নারীকে পুলিশ গ্রেপ্তার করেছে।
আশরাফুলের স্ত্রী লাকী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “জরেজকে নিজের ভাই মনে করতো আমার স্বামী। দশ লাখ টাকা চাইলে দিতে চেয়েছি, আরও লাগলে দিতাম। তবু কেন তাকে এমনভাবে মেরে ফেলল? আমি সবার ফাঁসি চাই।”
বাবা আবদুর রশিদ বলেন, “জরেজ তো খুব তাগাদা দিয়া আমার ছেলেটাকে ঢাকা নিয়া গেল। জানলে কখনো যেতে দিতাম না। ছোট নাতি-নাতনির ভবিষ্যৎ এখন কী হবে?”
সরেজমিনে দেখা যায়, বৃদ্ধ মা এছরা খাতুন বারবার মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফিরলে চিৎকার করে বলছেন, “আমার বেটা তো কারও ক্ষতি করে নাই, তাহলে এমন করল কেন?”
স্থানীয় সূত্রে জানা যায়—মা–বাবার একমাত্র ছেলে ছিলেন আশরাফুল। ভীষণ পরিশ্রমী এই ব্যবসায়ী কাঁচামাল আমদানির মাধ্যমে চট্টগ্রাম–ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে পণ্য সরবরাহ করতেন। চার বোনের ভাই আশরাফুলের সংসারে আছে এক মেয়ে (১৩) ও এক ছেলে (৭)। এলাকার গরিবদের পাশে দাঁড়ানো, ঈদে শাড়ি-লুঙ্গি দেওয়া এবং প্রতি কোরবানিতে গরু কিনে মাংস বিতরণের জন্য পরিচিত ছিলেন তিনি।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আমজাদ হোসেন বলেন, “তিনি ভদ্র, নম্র এবং দানশীল মানুষ ছিলেন। কে বা কারা এমন কান্ড করল, তার কঠোর বিচার চাই।”
বদরগঞ্জ থানার ওসি এ কে এম আতিকুর রহমান জানান, নিহতের লাশ গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। শাহবাগ থানায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর মালয়েশিয়া-ফেরত বন্ধু জরেজুলের সঙ্গে ঢাকায় যান আশরাফুল। বৃহস্পতিবার সন্ধ্যায় হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের পাশে একটি ড্রামের ভেতর থেকে তার খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ।