প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতসহ ১২ দলকে সংলাপে ডাকল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

তৃতীয় দফার রাজনৈতিক সংলাপকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী সোমবার (১৭ নভেম্বর) জামায়াতে ইসলামীসহ ১২টি রাজনৈতিক দলকে আলোচনায় অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১৫ নভেম্বর) ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেন।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকাল সাড়ে ১০টা থেকে প্রথম পর্বের আলোচনা শুরু হবে এবং চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

প্রথম ভাগে যেসব দল অংশ নেবে তারা হলো—বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, বাংলাদেশ কল্যাণ পার্টি এবং বাংলাদেশ মুসলিম লীগ–বিএমএল।

দ্বিতীয় ভাগের বৈঠকে আরও ছয়টি দল আলোচনায় অংশ নেবে। দলগুলো হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস এবং জাতীয় গণতান্ত্রিক পাটি (জাগপা)।

সিইসি এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসি ধারাবাহিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করে যাচ্ছে, যাতে আসন্ন জাতীয় নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করা যায়।

ইসির ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে বৃহস্পতিবার প্রথম দিনে ১২টি দলের সঙ্গে দুই পর্বের আলোচনা হয়েছে। রোববার আরও ১২টি দলের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের ঘোষণা দিয়েছেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনে অর্ধশতাধিক রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে। কোন দল কোন দিনে সংলাপে অংশ নিচ্ছে—তা ধাপে ধাপে সময়সূচি প্রকাশের মাধ্যমে জানিয়ে দিচ্ছে ইসি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা