আর্জেন্টিনার কার্লোস স্পেগাজ্জিনি শিল্প অঞ্চল শুক্রবার রাতে ভয়াবহ আগুন ও ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনায় আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক ও রিভার প্লেটের তারকা ফ্রাঙ্কো আরমানির নিজ বাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
আহতদের এজেইজা ইন্টারজোনাল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের অভিঘাত প্রায় ২০ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। কীভাবে বিস্ফোরণের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিল্প এলাকায় থাকা কেমিক্যাল থেকেই আগুন ও বিস্ফোরণ শুরু হয়েছিল।
ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিস্ফোরণের সময় আরমানি ও তার পরিবার বাড়িতে ছিলেন না। যদিও বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়নি, তবুও আশপাশে ছড়িয়ে পড়া ঝুঁকিপূর্ণ রাসায়নিকের কারণে আপাতত সেখানে ফিরতে পারবে না তার পরিবার। দুর্ঘটনাস্থল ও আশপাশের সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
এজেইজার মেয়র গাস্তন গ্রানাদোস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ভয়াবহ বিস্ফোরণে একাধিক শিল্প প্রতিষ্ঠান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি সেবা সংস্থাগুলো সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।