প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রেমের ফাঁদ, ব্ল্যাকমেইল: শেষ পর্যন্ত ২৬ টুকরো লাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার নেপথ্যে ছিল পরিকল্পিত প্রতারণা, ব্ল্যাকমেইল এবং অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ। র‍্যাব–৩ এর তদন্তে জানা গেছে, মূল অভিযুক্ত জরেজুল ইসলাম ও তার প্রেমিকা শামীমা আক্তার যৌথভাবে আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে অন্তরঙ্গ ভিডিও বানিয়ে বড় অঙ্কের টাকা আদায়ের পরিকল্পনা করেছিল।

 

শনিবার সকালে কাওরানবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব–৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফিন জানান, প্রায় এক বছর ধরে শামীমা ও জরেজের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। জরেজ শামীমাকে জানায়—একজন বন্ধুকে প্রেমের ফাঁদে ফেলে ১০ লাখ টাকা আদায় করা যাবে, যার মধ্যে সে নেবে ৭ লাখ, শামীমা পাবে ৩ লাখ।

 

এই পরিকল্পনা অনুযায়ী এক মাস আগে থেকেই শামীমা ফোনে আশরাফুলকে আকৃষ্ট করা শুরু করেন। অডিও–ভিডিও কলের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়ে। ১১ নভেম্বর ঢাকায় এসে আশরাফুল, জরেজ ও শামীমা একসঙ্গে শনি আখড়ায় একটি ভাড়া বাসায় ওঠেন। সেখানে আশরাফুলকে চেতনানাশক দিয়ে অচেতন করে তার অন্তরঙ্গ ভিডিও ধারণ করা হয়।

 

পরদিন ১২ নভেম্বর দুপুরে আশরাফুল সম্পূর্ণ অচেতন হয়ে পড়লে জরেজ তার হাত বেঁধে মুখে স্কচটেপ লাগিয়ে দেন। পরে ইয়াবা সেবনের পর উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে শ্বাসরুদ্ধ ও অতিরিক্ত আঘাতে ঘটনাস্থলেই মারা যান আশরাফুল। সেদিন রাতটি একই ঘরে মরদেহের পাশে কাটান জরেজ ও শামীমা।

 

১৩ নভেম্বর গুম করতে চাপাতি ও দুটি নীল ড্রাম কেনেন জরেজ। এরপর মরদেহ ২৬ টুকরো করে ড্রামের ভেতর ভরে হাইকোর্ট এলাকার কাছে ফেলে রেখে সায়েদাবাদে পালিয়ে যান তারা।

 

পুলিশ ও র‍্যাব অভিযান চালিয়ে মূল হোতা জরেজকে গ্রেফতার করে আগে, এবং শুক্রবার রাতে কুমিল্লা থেকে গ্রেফতার হয় শামীমা। তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলামত জব্দ করা হয়েছে।

 

নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা