প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক সপ্তাহে পুঁজিবাজারে বড় ধস: মূলধন উধাও প্রায় ১৭ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

দেশের পুঁজিবাজারে গত সপ্তাহজুড়ে বড় ধরনের ধস নেমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যেসব শেয়ারের দর বেড়েছে, তার তুলনায় প্রায় ২১ গুণ বেশি কোম্পানির শেয়ারের দর কমেছে। বাজারের এই টানা পতনে সব সূচকই ৫% থেকে প্রায় ৬% পর্যন্ত কমে গেছে। একই সঙ্গে লেনদেনও উল্লেখযোগ্যভাবে কমে গেছে—দৈনিক গড় লেনদেন হ্রাস পেয়েছে প্রায় ২৭%।

সপ্তাহের শেষে ডিএসইর বাজারমূলধন কমে গেছে প্রায় ১৬ হাজার ৯৪১ কোটি টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, পাঁচ ব্যাংকের শেয়ারের দাম শূন্য ঘোষণা, বিএসইসির নতুন মার্জিন ঋণ নীতি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ‘লকডাউন’—এই তিন বিষয় বিনিয়োগকারীদের মাঝে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষ করে মার্জিন ঋণ সংক্রান্ত আতঙ্ক ও লকডাউনের কারণে কম দামে শেয়ার বিক্রির প্রবণতা বাড়ে, যা বাজারে তীব্র চাপ সৃষ্টি করে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মোট ৩৮৩টি সিকিউরিটিজ লেনদেন হয়। এর মধ্যে মাত্র ১৭টির দাম বাড়ে, কমে ৩৬৩টির এবং অপরিবর্তিত থাকে ৩টি।

এতে প্রধান সূচক ডিএসইএক্স পতন হয়েছে ২৬৫ পয়েন্ট বা ৫.৩৪%, যা নেমে এসেছে ৪,৭০৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক কমেছে ৮৯ পয়েন্ট (৪.৬০%) এবং শরিয়াহ সূচক ডিএসইএস কমেছে ৬২ পয়েন্ট (৫.৯৯%)।

সবচেয়ে বেশি সূচক-পতনে প্রভাব রেখেছে: ইসলামী ব্যাংক ,বেক্সিমকো ফার্মা ,লাফার্জহোলসিম বাংলাদেশ ,রেনাটা ,ব্র্যাক ব্যাংক

লেনদেনে প্রকৌশল খাত ছিল শীর্ষে (১৪.১৪%), এরপর ওষুধ (১৩.৩৪%), বস্ত্র (৯.৯৯%), ব্যাংক (৮.৭৩%) এবং জ্বালানি (৮.৩৩%)।

সব খাতেই গত সপ্তাহে নেমে আসে নেতিবাচক রিটার্ন। এর মধ্যে জীবনবীমা খাত সবচেয়ে বেশি (১৮.৪%) দরপতনের মুখে পড়ে। কাগজ–মুদ্রণ, পাট, মিউচুয়াল ফান্ড ও তথ্যপ্রযুক্তি খাতেও বড় ধরনের নেতিবাচক প্রবণতা দেখা গেছে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই ধস দেখা যায়। সিএএসপিআই সূচক কমে ৩.৯৯% এবং সিএসসিএক্স সূচক কমে ৩.৪৪% হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা