প্রিন্ট তারিখ: ১৮ নভেম্বর, ২০২৬
Logo

সড়কের পাশে পার্ক করা মিনিবাসে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় সড়কের পাশে দাঁড়ানো একটি মিনিবাসে ভোরে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সওজ অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে বাসটি সেখানে রেখে চলে যান চালক। ভোরে স্থানীয়রা বাসের ভেতর ধোঁয়া ও আগুনের স্ফুলিঙ্গ দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডে বাসের সিট, জানালার কাচসহ ভেতরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসটি ফাঁকা থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম বলেন, “পার্কিং অবস্থায় থাকা বাসটিতে আগুন ধরে যায়। কেউ আহত হয়নি। যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা