প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত মহা’সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুওয়ত পরিষদের মহাসম্মেলন উপলক্ষে ভোর থেকেই মানুষের ঢল নামে। কেউ হাঁটাপথে, কেউ ব্যক্তিগত গাড়িতে, আবার কেউ বাস ও মেট্রোরেল ব্যবহার করে সম্মেলনস্থলে পৌঁছান।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে আয়োজিত এ সম্মেলনে সকাল থেকেই ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মহাসম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই অনুষ্ঠানে পাকিস্তান, ভারত, মিসরসহ বিভিন্ন দেশের প্রখ্যাত আলেমরা অংশ নিয়েছেন।
অতিথিদের মধ্যে রয়েছেন—
মুফতি ফজলুর রহমান (পাকিস্তান), মাওলানা মাহমুদ মাদানি (ভারত), মাওলানা হানিফ জালন্দরি (পাকিস্তান), শায়খ আব্দুর রউফ মক্কি (খতমে নবুওয়ত মুভমেন্ট), ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, মাওলানা ইলিয়াছ গুম্মান, এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকেও অংশ নিচ্ছেন হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম এবং মাওলানা মামুনুল হকসহ দেশি-বিদেশি অর্ধশতাধিক আলেম।

আয়োজকদের মতে, খতমে নবুওয়তের আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলনে লাখো মানুষের সমাগম ঘটবে—যা সোহরাওয়ার্দী উদ্যানকে একটি ব্যতিক্রমী দৃশ্যে পরিণত করবে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুরী)।
তিনি বলেন, বিশ্বে বহু দেশ কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও একই দাবিতে সম্মেলনে দেশবাসীর অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে তিনি মত প্রকাশ করেন।

খতমে নবুওয়ত সম্পর্কে তিনি বলেন, ইসলামে মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী হিসেবে মানাই প্রকৃত বিশ্বাস। পবিত্র কোরআনের সুরা আহজাবের ৪০ নম্বর আয়াতও এই বিশ্বাসের প্রমাণ বহন করে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা