জামালপুরের সরিষাবাড়ীর চকপাড়া গ্রামে নেমে এসেছে গভীর শোক। রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহমানের নবম শ্রেণির ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) হত্যা হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, বিচারক আবদুর রহমান পরিবারসহ রাজশাহীর ডাবতলা এলাকার ‘স্পার্ক ভিউ’ নামের একটি ভবনের ৫ম তলায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই ফ্ল্যাটে ঢুকে লিমন মিয়া নামের এক ব্যক্তি সুমনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গেলে সুমনের মা তাসমিন নাহার লুসিকেও গুরুতর আহত করা হয়।
গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার কিছুক্ষণের মধ্যে পুলিশ ঘাতক লিমনকে আটক করে। সে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য শহীদের ছেলে।
নৃশংস এই হত্যাকাণ্ডের খবর সরিষাবাড়ীতে পৌঁছালে এলাকাজুড়ে শোক ছড়িয়ে পড়ে। নানা শ্রেণিপেশার মানুষ হত্যাকারীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।
ময়নাতদন্ত শেষে সুমনের মরদেহ নিজ গ্রাম পোগলদিঘার বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা জানাজা ও দাফনে অংশ নিয়ে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী হত্যার কারণ ও পটভূমি খতিয়ে দেখছে।