প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ব্যবসায়ীর মরদেহ ২৬ টুকরা করার মূল কারণ জানা গেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ নভেম্বর, ২০২৫

রংপুরের কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হককে ডেকে ঢাকায় এনে নির্মমভাবে হত্যা করে মরদেহ খণ্ডখণ্ড করার ঘটনায় নতুন অগ্রগতি পাওয়া গেছে। বন্ধুর হাতে খুন হওয়া আশরাফুলের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এবার প্রধান আসামি জরেজুল ইসলামের প্রেমিকা শামীমাকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে গুরুত্বপূর্ণ আলামতও।

 

শুক্রবার (১৪ নভেম্বর) রাতেই শামীমাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

 

এর আগে শুক্রবার সকালেই কুমিল্লার দাউদকান্দি থেকে মূলহোতা জরেজুলকে গ্রেপ্তার করা হয়। আশরাফুলের বোন শাহবাগ থানায় মামলা করার পর এই অভিযান পরিচালনা করে র‍্যাব ও পুলিশ।

 

গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট এলাকার জাতীয় ঈদগাহ মাঠের পাশে নীল রঙের দুটি ড্রাম থেকে আশরাফুলের ২৬ খণ্ডে বিভক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথমে তার পরিচয় মেলানো না গেলেও পরে সিআইডির ক্রাইম সিন ইউনিট ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণে পরিচয় নিশ্চিত করে।

 

নিহত আশরাফুল হক (৪২) রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। গত ১১ নভেম্বর রাতে বন্ধু জরেজুল ইসলামের সঙ্গে ঢাকায় আসেন তিনি। ১২ নভেম্বর রাত ৯টা পর্যন্ত পরিবারের সঙ্গে কথা হলেও এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

 

স্বজনরা বলছেন, ঘনিষ্ঠ বন্ধুর বিশ্বাসের সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে। তদন্তকারীরা বলছেন, গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে আরও তথ্য মিলবে বলে আশা করা যাচ্ছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা