বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ইন্দেরহাওলা গ্রামে অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ২টার দিকে লবণসাড়া পুলিশ ফাঁড়ির এএসআই মো. ফয়জুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন খবরের ভিত্তিতে তাদের আটক করেন। এসময় তাদের কাছ থেকে দুই পুড়িয়া গাঁজা উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ইন্দেরহাওলা গ্রামের হেলাল মাঝির ছেলে মো. কাইয়ুম এবং আউয়ার গ্রামের মাহবুব ব্যাপারীর ছেলে মো. রাকিব ব্যাপারী।
পরে বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৫০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ২ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ বিষয়ে ভারপ্রাপ্ত ওসি শতদল মজুমদার বলেন, “মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতরা সমাজ ও দেশের জন্য হুমকি। মাদক নির্মূলে গ্রাম থেকে শহর—সব জায়গায় পুলিশ কঠোরভাবে অভিযান চালাচ্ছে।”
সম্প্রতি উপজেলার রাজ্জাকপুর গ্রামে মাদক কেনাবেচার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে এক প্রতিবন্ধী কিশোরকেও মাদক সেবন করতে দেখা যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে। সচেতন মহল বলছে, এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্ম চরম ঝুঁকিতে পড়বে। তারা ভিডিওতে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।