প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তারা আবারও মূর্তিমান আতংক হয়েই ফিরবে

মুহাম্মদ জাভেদ হাকিম
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

তারা ফিরবে! আবারও ফিরবে! তারা বারংবার এই বাংলায়  মূর্তিমান আতংক হয়েই ফিরবে।  ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরবর্তী  দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ  আওয়ামিলীগ যেমনি ভাবে ফিরে এসেছে, ঠিক তেমনি করেই ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী খুব দ্রুততম সময়ের মাঝেই তাদের ফিরে আসার সুযোগ সৃষ্টি হচ্ছে।

৭৫ সালের পর যতোটা বছর অপেক্ষা করতে হয়েছে, এবার ততোটা সময় অপেক্ষা করার দরকার হবে বলে মনে হয় না। এর কারণ কী? দীর্ঘ প্রায় ১৭বছর যে দলটি রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান,গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ  ও বহু ভিন্নমতের নেতাকর্মী অবর্ণনীয় নির্যাতন, গুম,খুনের শিকারসহ সাধারণ জনগণও ছিলো নিপিড়ীত।

জুলাই আন্দোলনে আওয়ামী স্বৈরাচার পতনের লক্ষে শতশত শহীদ, হাজার হাজার আজীবন পঙ্গুত্ব বরণ, অবশেষে দেশ ছেড়ে নির্লজ্জভাবে কথিত প্রধানমন্ত্রী তথা পার্টি প্রধান পলায়নের  পরেও কীভাবে  এত দ্রুত তারা ঘুরে দাঁড়নোর সাহস পেলো! এর সুনির্দিষ্ট কারণ সমূহ কী? নিবিড়ভাবে কোন রাজনৈতিক দল কি তা ভেবেছে? নাকি সবাই আমজনতার দেবদূত সাজার আড়ালে ক্ষমতার মোহে বিভোর। সংবিধানের দোহাই তুলে সবাই যে যার মত আখের গুছাতে ব্যস্ত। সংবিধান মানুষ রচিত,মানুষেরই কল্যাণে প্রণীত।

তবে কেন এর দোহাই আসে ঘুরেফিরে। জনগণের দল বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া একবার তার বক্তব্যে বলেছিলেন,এই সংবিধান ছুড়ে ফেলে দেয়া হবে। হ্যাঁ উনি ঠিকই বলেছিলেন। তাহলে এখনো কেন তা ফেলে দেয়া হলো না। তাহলে কি আপামর জনসাধারনের আশা আকাঙ্খার রাজনৈতিক দল বিএনপি দিন দিন জনগণকে দূরে সরিয়ে দিচ্ছে। নাকি ভিন্ন কিছু। আওয়ামিলীগ বিতাড়িত করার প্রশ্নে, দেশের আমজনতা  এখনো দৃঢ় ঐক্যবদ্ধ এহেন পরিস্থিতিতেও তারা খোদ রাজধানীতেই ঝটিকা মিছিল সহ বোমা বিস্ফোরণ ঘটানোর দুঃসাহস পায় কেমন করে। তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ।

এই নিষিদ্ধের পরেও তারা নানান কুকির্তীর মাধ্যমে,একের পর এক জনমনে আতঙ্ক সৃষ্টি করেই যাচ্ছে। তাহলে নিষিদ্ধ কি শুধুই কাগুজে সীমাবদ্ধ। নাকি এটা অন্তর্বর্তী সরকারের কোন কোন উপদেষ্টার দুরভিসন্ধিমূলক পরিকল্পণা। যেই অপকৌশলের অংশ হিসেবে বিএনপিকেও নিষিদ্ধ করে, নব্য গঠিত কোন শিশু দলকে প্রতিষ্ঠিত করা। বিদেশের মাটিতে নির্বাচন প্রসঙ্গ এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী  সরকারের মাননীয়  প্রধান উপদেষ্টা মুখ ফসকে কিছু একটা বলেই ফেলছিলেন। যাইহোক দেশবাসী এই ব্যাপারটা জানেন।তাই আমি আবার নতুন করে উনার সম্মানে উল্লেখ নাই করলাম।  হয়ত উনি নতুনদের দ্বারা ইতিবাচক  কোন কিছু করার ভাবনা হতে মাত্রাতিরিক্ত উৎসাহী হয়ে উঠেছিলেন।কিন্তু সেই নতুন মুখদের দ্বারা আমুল কোন পরিবর্তন যে করা সম্ভব নয়, তা আমি আগা গোড়াই বলে আসছি। বরং এরা যেভাবে চলছে, অদূর ভবিষ্যতে তারা নিজেরাই হয়তো হারিয়ে যাবে। নয়তো অস্তিত্ব সংকটে ভুগবে। একটি রাজনৈতিক দল যে আদর্শের ভিত্তিতে গড়ে উঠে, সেটা যদি তারা অঙ্কুরেই বিনষ্ট করে ফেলে – তাহলে আর ওটা আমজনতার মননে গাথাঁ হতে পারে না। সাধারণ মানুষ এখন আর আগের মত বোকা নন।

বর্তমানে আমজনতা অনেক বেশি সচেতন। কিন্তু দক্ষ ও নীতিবান  নেতৃত্বের অভাবে বারংবার  তাদের মৌলিক চাওয়া-পাওয়া গুলো পিছিয়ে যাচ্ছে। জুলাই যোদ্ধাদের সদ্যভূমিষ্ট দলের প্রতি দেশের একটা বৃহদাংশ জনগণের ছিলো প্রচন্ড রকমের আশাভরসা। কিন্তু তাদের নানান কীর্তিকলাপে মানুষ খুব দ্রুতই আবার মুখ ফিরিয়ে নিচ্ছে। একটা সময়ে এসে হয়তো কোন কোন উপদেষ্টাকে দেশ ছেড়েই পালাতে হতে পারে। এরকমটা হলে তা হবে খুবই লজ্জাজনক।বিগত স্বৈরাচার সরকার পতনের সঙ্গে সঙ্গে তার আমলে দলীয় বিবেচনায়  নিয়োগপ্রাপ্ত, সকল প্রশাসনিক  উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন বাহিনী প্রধানদের সম্মানজনক বিদায় করার বদলে – উল্টো এখনো বহাল তবিয়তে তাদেরকে রেখে কি কোন সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করা যায়?এই প্রশ্ন রেখে গেলাম জাতির নিতীনির্ধারকদের সমীপে।

জামায়েত ইসলামী বেশ সুন্দর সুন্দর কথা ও কাজের মধ্য দিয়ে  মানুষের মন জয় করতে শুরু করে দিয়েছিলো। কিন্তু একি হায়,তারাও স্বৈরাচারের পক্ষে আইনি লড়াই সহ তাদেরকে একরকম ফিরিয়ে আনতেই যেনো মরিয়া। মানুষের কল্যাণে রাজনীতি,নাকি নিজেদের ক্ষমতার জন্য ? খুব স্বল্প সময়ের ব্যবধানে  তাদের মুখোশ জাতির সামনে ন্যক্কারজনক ভাবে উন্মোচন হতে শুরু করেছে। জামায়াতের প্রার্থীদেরকে ভোট দিলে জান্নাতের টিকেট মিলবে! এই দেশের মানুষ ধর্মভীরু। তাই বলে এতোটা অজ্ঞ না যে, ধর্মের দোহাই দিয়ে যা গিলাতে চাইবে তাই গিলবে। আওয়ামী প্রিতি আর ধর্মের অপব্যবহার এদেরকে জনবিচ্ছিন্ন করে তুলতেছে।

দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি। বাংলাদেশের মসনদে বারংবার অধিষ্ঠিত হয়েছে। এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি নৈতিকতা নিয়ে এখনো পর্যন্ত কেউ তথ্যপূর্ণ নেতিবাচক মন্তব্য করার সুযোগ পান নাই। তিনিও সেই সুযোগ রেখে যান নাই।ঠিক এই কারণেই দেশের অধিকাংশ মানুষের এখনো আস্থা ও আশা ভরসার রাজনৈতিক দলটির নাম বিএনপি । অথচ এই  জনপ্রিয়তার সুবর্ণ পুঁজি দিন দিন বিএনপি খুইয়ে ফেলতেছে। এর পেছনের মূল কারণ গুলোর অন্যতম হলো মাত্রাতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকারী মনোভাব,দাম্ভিকতা  ও মাঠপর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে হাইকামন্ডের দূরত্ব।

পতিত স্বৈরাচারের দোসররা নানান জায়গায়, বিএনপির সাইনবোর্ডে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। নির্বাচনের আসন বন্টন ও প্রার্থী মনোয়নেও রয়েছে চরম অদূরদর্শিতা। রাজধানী ঢাকা হতে হবে বিএনপির দুর্গ। অথচ ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলো ছেড়ে দেয়া হচ্ছে জোটের প্রার্থীদের। নিজের পা’য়ে নিজেই কুড়াল মারার মত আত্মঘাতী সিদ্ধান্ত। পানি লাগবে পানি বলা জুলাই শহীদ মুগ্ধর ভাইকে যদি সংসদ নির্বাচনের জন্য বিএনপি প্রাথমিকভাবে মনোনীত করে,তাহলে এরচেয়ে অপরিণাম সিদ্ধান্ত আর কি হতে পারে। এই ছেলের রাজনৈতিক বিচক্ষণতা কতটুকুনইবা আছে,আর সে কিভাবে দেশ ও জনতার হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে।

জুলাই শহীদ ও তাদের পরিবারকে মূল্যায়ন করার মত আরো বহু কর্মকান্ড রয়েছে। যা করতে পারলে, প্রার্থী করার চেয়ে ঢেরবেশি জনগণের বাহবা মিলবে।  বিএনপি এই দেশের যেমনি বড় একটি পরিপক্ক রাজনৈতিক দল,ঠিক তেমনি রয়েছে তাদের বিপুল নেতাকর্মী। সেই সঙ্গে দলটির প্রতি গণ মানুষের রয়েছে বিশেষ আস্থা। যেই আস্থা ও জনপ্রিয়তার উপর ভর করে একোকভাবে নির্বাচন করার যোগ্যতা রাখে বিএনপি । তবুও আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক কৌশলগত প্রয়োজনে অন্যান্য দলের সঙ্গে জোট বাঁধা জরুরি হয়ে পড়ে। তবে এই জোট হওয়া দরকার তাদের সঙ্গে, যাদের সম্পৃক্ততা রয়েছে সাধারণ জনগণের দোরগোড়া পর্যন্ত।অথচ তারা কি করতেছে সাইনবোর্ড সর্বস্ব দলের সঙ্গে জোট বাঁধতে গুরুত্বপূর্ণ সংসদীয় আসন গুলোতেও দিচ্ছে ছাড়।

এরকমটা হতে পারে না। হওয়াটাও কাম্য নয়। ইদানীং যদি মাঠপর্যায়ে বিএনপি সম্পর্কে খোঁজ নেয়া হয়,তাহলে নিশ্চিত দলটির উপর ভর করবে একরাশ হতাশা। হাইব্রিডদের যন্ত্রণায় সাধারণ মানুষ ও দলের নেতাকর্মীরা অতিষ্ঠ। সেই সঙ্গে যোগ হয় র‍্যালি নামক বিএনপি ও অঙ্গসংগঠনের  বিভিন্ন কর্মসূচি। এতে করে যানজটে মানুষ অস্থির হয়ে পড়ে। দলীয় শোভাযাত্রা, সভাসমাবেশ যতোটা সম্ভব জনাকীর্ণ রাজপথে পরিহার করতে হবে। করতে হলে রাত ৯টার পরে করা যেতে পারে। সড়কপথে যতো পালিত হবে আয়োজন, ততোই বিএনপি হারাবে জনসমর্থন। বিএনপির মত সৌভাগ্যবান রাজনৈতিক দল দ্বিতীয়টি  বাংলাদেশে আর নাই। কারণ এই দলের প্রতি রয়েছে দেওবন্দী ঘরনার আলেম সমাজের মৌন সমর্থন। এটা বিএনপির জন্য একটা বিশালাকার শক্তি। এই শক্তি পুরোপুরিভাবে জামায়াতের বিরোধী। যা জামায়েত ইসলামী ক্ষমতার মসনদে বসার অন্তরায়।

দেওবন্দী ও করাচি ঘরনার কাওমি আলেমদের বৃহৎ একটি গুষ্ঠিও জামায়াতের পাশাপাশি আওয়ামিলীগের ঘোর বিরোধী। হক্কানি আলেম সমাজের ভাষায় বিএনপি মন্দের ভালো। সব মিলিয়ে নির্বাচনে বিজয়ের মালা, ঘুরেফিরে সেই বিএনপিরই গলায়। দলটির জন্য এরচেয়ে সুবর্ণ সুযোগ আর কি হতে পারে। কারণ দিন শেষে এই দেশের মানুষ অন্ধভক্ত  ধর্মভীরু। তবে এতোটা অন্ধ নয়,যতোটা অন্ধ জামায়াত ভেবে থাকে। পরিশেষে অন্তর্বর্তী সরকারের প্রতি যেরকম প্রত্যাশা ছিলো জনগণের,তার ধারেকাছেও এই সরকার পৌছতে পারে নাই। অনেকটা আওয়ামীলীগের ফাকা বুলির মত উন্নয়ন। দৃশ্যমান জনবান্ধব কোন সংস্কারত হয়নি,বরং উল্টো দেশের অর্থনীতি তলানীতে। স্বল্প পুঁজির ব্যবসায়ীরা পুঁজি  হারিয়ে দিশেহারা ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি চরম পর্যায়ে এসে ঠেকেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শুরু থেকেই বলে এসছেন অন্তর্বর্তী সরকারকে ব্যার্থ হতে দেয়া যাবে না। সেই সঙ্গে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি। বিএনপির হয়ে তারেক রহমান একা চাইলেই কি হবে,আরোত রাজনৈতিক দল রয়েছে। তাদেরও দায়িত্ব রয়েছে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করা। দেরিতে হলেও দেশের মানুষ বুঝতে পারতেছে,কেনো বিএনপি দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থানে রয়েছে। অনির্বাচিত সরকার  কখনো দেশ ও জাতির কল্যাণ বয়ে আনতে পারে না। বরং বেশি দিন গড়ালে সেটা সরকারের নিতীনির্ধারকদেরকে দুর্নীতিগ্রস্ত ও স্বৈরাচার হতে সহায়তা করে। আইনশৃঙ্খলা অবনতি হওয়ার পেছনে অন্যতম কারণ রাজনৈতিক দলগুলোর মাঝে নিকটতম সময়ের মাঝে অনৈক্যের সৃষ্টি। আওয়ামীলীগের অত্যন্ত কাছের দোসর জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ তাদের সমমনা দলগুলোকে এখনো যথাযথ বিচারের আওতায় না এনে উল্টো পাত্তা দেয়া।

ছোট ছোট দল গুলোর অভিভাবকদের মাঝেও রাষ্ট্রীয় ক্ষমতার লোভ এমন পরিমাণে পেয়ে বসছে,তারা ভুলতেই বসেছে জুলাই আন্দোলনের সেই উত্তাল দিন গুলোর মর্মান্তিক বেদনা গাঁথা করুণ ইতিহাস । তারা অবহেলা করতে শুরু করেছে শহীদদের বীরত্ব ও নির্মম ভাবে আহতদের নিদারুণ কষ্টের জীবনী। সামনের সারির কয়েকজন জুলাই যোদ্ধাদের সমন্বয়ে গড়া রাজনৈতিক দল এনসিপি, তারাও রাষ্ট্র বিনির্মাণের চেয়ে নিজেদের সুবিধা আদায়ে মরিয়া। তাদের এহেন কর্যকলাপে জুলাই যোদ্ধাদের পরিবার ও আহতরা চরমভাবে হতাশ। যেই বৈষম্যের জন্য আন্দোলন, তাদের উপর সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের পতন ঘন্টা বাজালো – সেই বৈষম্যই যেনো এখন তাদের অলঙ্কার।জুলাই যোদ্ধাদের মাঝে অনৈক্য, রাজনৈতিক দলগুলোর মাঝে চরম মত পার্থক্যের কারণে দূরত্ব । জুলাই যোদ্ধাদের কেউ কেউ সরকারের উপদেষ্টা মন্ডলির সদস্য হয়ে স্বেচ্ছাচারী। এসব কিছু মিলিয়ে পলাতক স্বৈরশাসক আওয়ামিলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বেশ উজ্জীবিত করে তুলেছে। তারা তলে তলে সুবিধা বাদি রাজনৈতিক দল গুলোর সঙ্গে আতাত করে ফিরে আসার স্বপ্ন দেখছে। রাজনৈতিক দল গুলোর অনৈক্যের সুযোগে  আওয়ামিলীগ এতোটাই বেপরোয়া হয়ে উঠছে,তারা ১৩ নভেম্বর আদালতে শেখ হাসিনার বিচারের রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে  ইতোমধ্যে বোমাবাজি ও আগুন  সন্ত্রাস ঘটানোর মত জঘন্য  দুঃসাহস দেখানো শুরু করে দিয়েছে। এরকম দুঃসাহস তারা পেলো কিভাবে?  যেখানে এখনো দেশের আমজনতা আওয়ামিলীগ ঠেকাও প্রশ্নে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ।

যদি রাজনৈতিক দল গুলো নিজেদের মাঝে সৃষ্ট বিভেদ দ্রততম সময়ের ভেতর  নিরসনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে না পারে,তাহলে শহীদের আত্মার অভিশাপ, পঙ্গুদের কান্নার আওয়াজ,শহীদ পরিবারের আর্তনাদ এতোটাই তীব্রভাবে প্রকম্পিত হয়ে উঠবে, কখন যে আওয়ামিলীগ পুনর্বাসিত হয়ে আবারও এই দেশের মসনদ দখল করে আপনাদেরকে নির্মুল করতে শুরু করবে, তা টের পেতে পেতেই সময় বহুদূর গড়িয়ে যাবে। আওয়ামিলীগ আশংকা করেছিলো তারা ক্ষমতা হারালে, নিজেদের  কয়েক লাখ নেতাকর্মী বিপক্ষ রাজনৈতিক দলের হাতে মারা পড়বে। কিন্তু চিত্র ভিন্ন। তবে ক্ষমতার কামড়াকামড়িতে যদি আওয়ামিলীগ আরেকবার এই দেশে পুর্নবাসনের সুযোগ পায়,তাহলে হয়ত অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজত ইসলাম, আমজনতা সহ বিভিন্ন রাজনৈতিক দলের কয়েক লাখ নেতাকর্মী বর্বর আওয়ামিলীগ কর্তৃক বেঘোরে প্রাণ হারানোর প্রচুর সম্ভাবনা রয়েছে। তাই এখনো সময় ফুরিয়ে যায়নি। আবারো দেশের প্রয়োজনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পলাতক স্বৈরাচারের নিষিদ্ধ দল আওয়ামীলীগের অপতৎপরতা রুখে দিতে হবে। এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মাঝে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। অন্যথায় আবারো ফিরে আসার সুযোগ পাবে, বাংলাদেশের ইতিহাসের নিষ্ঠুরতম ঘৃণ্য  স্বৈরশাসক শেখ হাসিনার পতিত অপরাজনৈতিক দল বাংলাদেশ  আওয়ামীলীগ। পরিশেষে আবারও লিখতে হয়,এই মুহূর্তে সকল ভেদাভেদ ভুলে দল মত নির্বিশেষে, সবার মাঝে ফিরে আসুক ইস্পাত কঠিন ঐক্য। ঐক্যবদ্ধ ভাবে ঠেকাও আওয়ামিলীগ – বাঁচাও মোদের প্রিয় বাংলাদেশ।

 

লেখকঃ- মুহাম্মদ জাভেদ হাকিম, সাংবাদিক, কলাম লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক। 

 

[মতামত কলামে প্রকাশিত লেখা লেখকের নিজস্ব। এতে সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয় না। ভিন্নমতকে শ্রদ্ধার অংশ হিসেবে অপরিবর্তিত হিসেবে লেখকদের লেখা প্রকাশিত হয়।]

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা