অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে তিনজন উপদেষ্টা ‘বিপথে চালিত’ করছেন বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সরকারের তিন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে ভুল বার্তা দিচ্ছেন এবং একটি নির্দিষ্ট দলকে ক্ষমতায় নিতে কাজ করছেন। এমন পরিস্থিতিতে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।
সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের জন্য শিগগিরই তাদের নামের তালিকা সরকারকে দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে যুগপৎ আন্দোলনে থাকা আট দলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। সংবাদ সম্মেলনে আট দলের পক্ষে তিন উপদেষ্টার অপসারণ, আলাদাভাবে গণভোটের তারিখ ঘোষণাসহ তিন দফা দাবি তুলে ধরেছেন তিনি।
জামায়াতের এই নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি। গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে হলে গণভোটের বিষয়টি গুরুত্ব হারাবে এবং ভোটারদের আগ্রহও কমে যাবে।
তিনি আরও বলেন, সরকার একটি দলের দাবির মুখে নতি স্বীকার করে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে করার সিদ্ধান্ত নিয়েছে।
৮ দলের মধ্যে জামায়াত ছাড়া অন্য দলগুলো হলো- ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার একাংশ ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।