কুড়িগ্রাম সদর উপজেলার কাঁচিচর পাঁচগাছি ছড়ার মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদারদের মাধ্যমে মাছ চাষের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। শুক্রবার (১৪ নভেম্বর) সকালে “রাষ্ট্র সংস্কার কৃষক আন্দোলন” ঘোগাদহ ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক মানুষ অংশ নেন।
সকাল ১১টার দিকে আলেয়ার বাজার সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পাঁচগাছি ছড়া এলাকায় গিয়ে মানববন্ধনে রূপ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় কৃষক আয়নাল হক, আউয়াল হোসেন ডাক্তার, শাহাজামাল, মোনা, আজিজুল হক, নুর আমিনসহ সংগঠনের কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, বহুদিনের ভোগদখল থাকা মালিকানা জমি হঠাৎ খাস-খতিয়ানে রেকর্ড করে অন্যায়ভাবে ইজারা দেওয়া হয়েছে। ইজারাদাররা পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ করে দেওয়ায় কচুরিপানা ও আবর্জনায় জমি চাষাবাদে অতিরিক্ত শ্রম ও ব্যয় বাড়ছে, ফলে কৃষকরা ক্ষতির মুখে পড়ছেন।
তারা বলেন, জলমহাল উন্মুক্ত না করলে ও জমির রেকর্ড সংশোধন না হলে কৃষকদের জীবন-জীবিকা হুমকিতে পড়বে। অবিলম্বে ৬ দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
উত্থাপিত ৬ দফা দাবি:
মালিকানা জমির রেকর্ড সংশোধন
সুইচ গেট প্রশস্তকরণ
চাষযোগ্য জমিতে কচুরিপানা অপসারণ
জলমহাল উন্মুক্ত/ইজারা বাতিল
কৃষকদের নিজ জমিতে মাছ ধরার অধিকার নিশ্চিত
স্থানীয় রাস্তা সংস্কার
২০০–এর বেশি নারী-পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত এই মানববন্ধনে এলাকাবাসীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।