প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। বর্তমানে দেশে আনুমানিক ১ কোটি ৩৯ লাখ মানুষ ডায়াবেটিসে ভুগছেন। আক্রান্তদের মধ্যে অধিকাংশই কর্মক্ষম বয়সের এবং এদের প্রায় ৭৫ শতাংশ কোনো না কোনো মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্নতায় আক্রান্ত—এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)।

 

সংস্থাটির হিসাব অনুযায়ী, দক্ষিণ–পূর্ব এশিয়া অঞ্চলে ডায়াবেটিসের উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এ ধারাবাহিকতা চললে ২০৫০ সালের মধ্যে দেশে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াবে প্রায় দুই কোটি ৩১ লাখ।

 

এমন পরিস্থিতিতে আজ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ডায়াবেটিস দিবস, যার প্রতিপাদ্য— “কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন।” দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে।

 

দেশের চিকিৎসকরা বলছেন, বহু কর্মস্থলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে। চাকরি হারানোর ভয় বা বৈষম্যের আশঙ্কায় অনেক কর্মী তাদের রোগ গোপন রাখেন, যা তাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় এবং রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে জটিলতা সৃষ্টি করে।

 

বিশেষজ্ঞরা মনে করেন, কর্মস্থলে স্বাস্থ্যবান পরিবেশ তৈরি করা গেলে ডায়াবেটিস প্রতিরোধে বড় ধরনের অগ্রগতি সম্ভব। প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা, সুষম খাদ্যাভ্যাস এবং মানসিক প্রশান্তি কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া সহজলভ্য ওষুধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সচেতনতা কার্যক্রম জোরদারের ওপরও গুরুত্ব দেন তারা।

 

উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলে একজন রোগী সম্পূর্ণ স্বাভাবিক ও কর্মক্ষম জীবন যাপন করতে পারেন। কর্মস্থলে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা তৈরি হলে রোগীরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠবেন।”

 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ বলেন, “কর্মস্থলে নিয়মিত হাঁটা বা ব্যায়ামের সুযোগ তৈরি করা গেলে ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। সঠিক জীবনযাপন ও সচেতনতার মাধ্যমে প্রায় ৬৫ শতাংশ ডায়াবেটিস প্রতিরোধযোগ্য।”

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা