প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গেই অনুষ্ঠিত হবে, আপত্তির কারণ নেই: ড. মির্জা গালিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট আয়োজন করা যথাযথ সিদ্ধান্ত এবং এতে কোনো জটিলতার আশঙ্কা নেই। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে নিজ ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশ্লেষণধর্মী পোস্টে তিনি গণভোটের কাঠামো ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতামত ব্যক্ত করেন।

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর তিনি পোস্টে লিখেন—গণভোটে চারটি প্রশ্ন থাকলেও ভোট হবে একটিই, যা মূলত একটি সমন্বিত প্যাকেজ। পৃথক মতামত প্রকাশের সুযোগ আলাদা করে রাখা হয়নি।

 

তিনি আরও ব্যাখ্যা করেন, সরকার কয়েকটি বিষয়কে “নন-নেগোশিয়েবল” হিসেবে ধরে নিয়ে একই প্যাকেজে রাখছে—যেমন উচ্চকক্ষে পিআর ব্যবস্থা, তত্ত্বাবধায়ক মডেল, নির্বাচন কমিশন পুনর্গঠন ইত্যাদি। বাকি সংস্কারগুলো ভবিষ্যৎ সংসদের ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

 

ড. গালিব মনে করেন, দুটি আলাদা প্যাকেজ হলে ভালো হতো, তবে যেসব বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে, সেগুলোও বাস্তব প্রেক্ষাপটে যথার্থ।

 

গণভোট জাতীয় নির্বাচনের সঙ্গে একসঙ্গে আয়োজন নিয়ে তিনি বলেন, “এতে কোনো সমস্যা নেই। আইনি কাঠামো ঠিক হয়ে যাওয়াটাই ছিল গুরুত্বপূর্ণ। এতে বিএনপিও কিছুটা গ্রহণযোগ্যতা অনুভব করবে, যা জাতীয় ঐক্যের জন্য ইতিবাচক।”

 

তার মতে, জামায়াত ও এনসিপির দাবি করা বেশিরভাগ সংস্কারই বাস্তবায়নের পথে। এই পরিস্থিতিতে তাঁদেরও কিছু বিষয়ে সমঝোতামূলক অবস্থানে যাওয়া উচিত।

 

এ প্রসঙ্গে তিনি বিএনপির অবস্থান নিয়েও মন্তব্য করেন—সংস্কার ইস্যুতে দলটি সঠিক দিকনির্দেশনা ধরে রাখতে পারেনি এবং দলীয়ভাবে তাদের অবস্থান পুনর্বিবেচনা জরুরি।

 

শেষে তিনি বলেন, এই সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে এবং জাতীয় পুনর্গঠনের নতুন পথ তৈরি করবে।

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা