প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ধানমন্ডি ৩২ থেকে আটক কিশোর নির্জনকে পরিবারের জিম্মায় ছেড়ে দিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে আটক করা কিশোর নির্জন আমিন খানকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় পরিবারের সদস্যরা এসে তাকে ধানমন্ডি থানা থেকে নিয়ে যান।

এর আগে সকাল ১০টার দিকে ১৪ বছর বয়সী নির্জনকে সন্দেহজনক আচরণের কারণে পুলিশ আটক করে। ধানমন্ডি থানার কর্মকর্তারা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিশোরের বক্তব্যে কিছুটা বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায়। সে নিজেকে কখনও শিক্ষার্থী, কখনও আবার রাজনৈতিক সংগঠনের কর্মী বলে পরিচয় দিচ্ছিল।

পুলিশ জানায়, কিশোরের ব্যাগে কিছু কাগজপত্র ও আলামত পাওয়া গিয়েছিল, যা দেখে প্রাথমিকভাবে সন্দেহ তৈরি হয়। তবে তদন্ত শেষে তার কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতা বা নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যোগসূত্রের প্রমাণ মেলেনি।

রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম বলেন, “কিশোরটি মূলত গ্রামের বাড়ি থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা ঘুরতে এসেছিল। তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে যোগাযোগের পর জানা যায়, সে নিরীহ এবং আগে কখনও কোনো অপরাধে জড়িত ছিল না। তাই যাচাই–বাছাই শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

 

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা