প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একই দিনে নির্বাচন ও গণভোটের বিষয়ে এখনই মন্তব্য নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ নভেম্বর, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের ঘোষণার বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) এখনই কোনো মন্তব্য করতে চাইছে না।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ চলাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, “আমি প্রধান উপদেষ্টার বক্তব্যটি শুনতে পারিনি। আমি তখন মিটিংয়ে ছিলাম। ঠিক কী বলা হয়েছে, সেটি বিস্তারিত না জেনে মন্তব্য করা ঠিক হবে না।”

তিনি আরও বলেন, “আমরা বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানার পর কমিশনে আলোচনা করব। তখন আমরা আমাদের মতামত জানাব। এখনই এ বিষয়ে মন্তব্য দেওয়া সঠিক হবে না।”

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা