বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) গভীর রাতে গুঠিয়া বাজারে এ ঘটনা ঘটে।
গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহীন হাওলাদার জানান, রাত ১২টার দিকে দুই অজ্ঞাত ব্যক্তি দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে সক্ষম হন।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আল মামুন জানান, ঘটনার সময় এলাকায় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে দুর্বৃত্তরা সুযোগ নেয়। বাজারের ব্যবসায়ী ও নৈশ প্রহরীদের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়।
তবে আগুনে অফিসের কয়েকটি চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।