সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ এর গেজেট প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এ আদেশ জারি করে। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাক্ষর করেন।
এর আগে উপদেষ্টা পরিষদের বৈঠকে সনদটি অনুমোদন দেওয়া হয়। পরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ তথ্য জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
ভাষণের পরপরই রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া দেখা দেয়। বিএনপি ও জামায়াতে ইসলামী উভয় দলই প্রধান উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা নিজের সই করা জুলাই সনদই লঙ্ঘন করেছেন। তিনি জানান, সংবিধান সংস্কার পরিষদের মতো কোনো কাঠামো আগে আলোচনায় ছিল না—এটি সম্পূর্ণ নতুন উদ্যোগ। বিএনপি এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলেও জানান তিনি।
অন্যদিকে, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রাজধানীর মগবাজারে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে করার সিদ্ধান্ত জাতির আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তার মতে, গণভোটে ব্যালট সংক্রান্ত অনিশ্চয়তা রয়ে গেছে এবং প্রধান উপদেষ্টার বক্তব্যে এ বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।