নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সংগঠনের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৪টা ১৫ মিনিটে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী সড়কের বড় দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম এর তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুউদ্দীন, এসআই আসাদুজ্জামান, হাসনাইন আহমেদ, আরিফুজ্জামান, মোমেন মিয়া ও নুর আলম সহ পুলিশের একটি বিশেষ টিম।
গ্রেফতারকৃতরা হলেন— মোসাঃ বীনা আক্তার (৫৬), কাঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি, নরসিংদী। আমিনুল ইসলাম (২০) , আপন (১৯), অনিক (১৯) , নিলয় (১৯) , নাজমুল (১৯) , ইয়ামিন ইসলাম (২০) , সালমান (১৯)
পুলিশ জানিয়েছে, তারা ১৩ নভেম্বরের “ঢাকা লকডাউন” কর্মসূচি বাস্তবায়নের জন্য একত্রিত হয়েছিলেন।
পুলিশের প্রাথমিক তথ্যে জানা যায়, তারা পেট্রোল, ককটেল, টায়ার, লাঠি-সোটা নিয়ে সমবেত হয়েছিলেন। উদ্দেশ্য ছিল রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, ভয়ভীতি সৃষ্টি এবং সরকারি স্থাপনায় হামলা চালানো।
নেতৃত্ব দেন মহিলা লীগের সভাপতি বীনা আক্তার, যার বিরুদ্ধে নরসিংদীতে ৩টি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।