প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ নভেম্বর, ২০২৫

মেহেরপুর শহরের কোর্ট মোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে হঠাৎ বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে বাসভবনের ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা, চেয়ার, টেবিলসহ মূল্যবান আসবাবপত্র পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

মেহেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, “আমি অফিসে থাকাকালীন বাসার প্রহরী ফোনে আগুন লাগার খবর দেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আল্লাহর অশেষ কৃপায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।”

অগ্নিকাণ্ডে প্রধানত ডাইনিং অংশের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো প্রাণহানি ঘটেনি বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা