চাকরির মেয়াদ শেষ হতে আরও ১০ মাস বাকি থাকতেই বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্রে ৩০ অক্টোবর তারিখে স্বাক্ষর করা হয় এবং তা জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। পদত্যাগপত্রের একটি কপি ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন মইনুল খান। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা আদেশ অনুযায়ী তিনি ২০ দিনের ছুটিতে (২৬ অক্টোবর থেকে ১৪ নভেম্বর) রয়েছেন।
এদিকে, ট্যারিফ কমিশনের কর্মকর্তাদের একটি অভ্যন্তরীণ অনলাইন গ্রুপে তিনি সহকর্মীদের কাছে দোয়া কামনা করে লিখেছেন— সরকারি চাকরি থেকে ঐচ্ছিক অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নিজের বার্তায় তিনি বলেন, “সরকারের বিভিন্ন পদে প্রায় ৩২ বছরের কর্মজীবনে আমি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার চেষ্টা করেছি।”