যুগপৎ আন্দোলনের শরিক আটটি রাজনৈতিক দল জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান, ১৪ নভেম্বর (শুক্রবার) ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা/মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর (রোববার) আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।
বৈঠক শেষে ওইদিন দুপুর ১২টা ৩০ মিনিটে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে জনগণের দাবি মেনে নেওয়া না হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়, যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে।
বুধবার (১২ নভেম্বর) দুপুর দেড়টায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আট দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।