গাজীপুর সিটি করপোরেশনের বাসন, কাশিমপুর ও শ্রীপুর এলাকায় একই রাতে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত ধারাবাহিকভাবে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বাসন থানার ভোগড়া বাইপাসের পেয়ারা বাগানসংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পার্ক করা ভিআইপি পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফলে বাসটির ভেতরের আসন ও জানালা সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে ভোগড়া ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইকবাল হোসেন বলেন, “খবর পাওয়ার পর আমরা নিরাপত্তার স্বার্থে প্রথমে পুলিশকে জানাই। পরে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসে কেউ ছিল না, ধারণা করা হচ্ছে এটি রাতে পার্ক করে রাখা ছিল।”
একই রাতে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাসটির ভেতরের বেশ কয়েকটি আসন সম্পূর্ণ পুড়ে যায়।
পরে ভোরে শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা এলাকায় ভোর ৪টা ৫০ মিনিটে আরেকটি বাসে আগুন লাগে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি দল আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (অতিরিক্ত ডিআইজি) জাহিদুল হাসান বলেন, “একই রাতে তিনটি স্থানে বাসে আগুনের ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনাই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। ইতোমধ্যে ফায়ার সার্ভিস, ডিবি ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজনদের শনাক্তে কাজ চলছে।”
তিনি আরও জানান, “এ ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাত্রিকালীন টহল জোরদার করা হয়েছে।”
স্থানীয়রা জানিয়েছেন, এক রাতেই তিন বাসে অগ্নিসংযোগের ঘটনায় শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ধারণা করছেন, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে।
ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে বলেছে, “বাসগুলোতে পেট্রোল বা দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেওয়া হয়ে থাকতে পারে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।”
সম্প্রতি গাজীপুরের বিভিন্ন এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনা বাড়ছে।
এরই মধ্যে রাতে ধারাবাহিকভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনায় শহরে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।