সাভারের আশুলিয়ায় রাস্তার পাশে পার্কিং করা আলিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভেতরে ঘুমিয়ে থাকা চালক দগ্ধ না হলেও আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে আশুলিয়ার সরকার মার্কেট সংলগ্ন নারী ও শিশু হাসপাতালের সামনে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস জানায়, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১০ মিনিটেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “ভোরে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনে বাসটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
বাসচালক সাত্তার জানান, “রাতে আমি বাসের ভেতরে ঘুমাচ্ছিলাম। হঠাৎ আগুন টের পেয়ে জানালা দিয়ে লাফ দিই। বাইরে এসে দেখি চারজন হেলমেট পরা ব্যক্তি দুটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করলে তারা কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।”
তিনি আরও বলেন, লাফ দেওয়ার সময় তার হাঁটুতে আঘাত লেগেছে।
এ বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
বাসের মালিক মোহাম্মদ সোহেল বলেন, “এই বাসটাই ছিল আমার পরিবারের একমাত্র জীবিকার উৎস। কে বা কারা এই ক্ষতি করল জানি না। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, আমার ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।”
স্থানীয়রা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে আশুলিয়ায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বেড়েছে। তারা ঘটনাটির পেছনে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।