মেহেরপুর-২ (গাংনী) আসনে দলের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মশাল মিছিল ও পথসভা করেছে গাংনী উপজেলা ও পৌর বিএনপির একাংশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় গাংনী বাসস্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা বাজার প্রদক্ষিণ করে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের জেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলফাজউদ্দীন কালু এবং সাধারণ সম্পাদক আবদুল আওয়াল। বক্তারা দাবি জানান—গাংনী আসনে ঘোষিত মনোনীত প্রার্থীর পরিবর্তে জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা সাংগঠনিক সম্পাদক আবদাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মনোনয়ন ঘোষণার পর থেকেই এই আসনে পরিবর্তনের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে বিএনপির একটি অংশ। এর আগে মনোনীত প্রার্থী সাবেক এমপি আমজাদ হোসেনের অনুসারী ও জেলা সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ, মোটরসাইকেল ভাঙচুর এবং দলীয় কার্যালয়ে হামলার ঘটনাও ঘটে।