প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টানা দরপতনের পর ঘুরে দাঁড়ালো পুঁজিবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

টানা সাত কার্যদিবসের দরপতনের পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১১ নভেম্বর) সূচকের উত্থান দেখা গেছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে, তবে লেনদেনের পরিমাণ কমে সাড়ে চার মাসের সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দেখা গেছে মিশ্র প্রবণতা—সূচক কিছুটা বেড়েছে, তবে বেশ কিছু সিকিউরিটিজের দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৩টির দর বেড়েছে, ১৪৪টির কমেছে এবং ৬২টি অপরিবর্তিত রয়েছে। দর বাড়ানো সিকিউরিটিজগুলোর মধ্যে ‘এ’ ক্যাটাগরির ৯৩টি, ‘বি’ ক্যাটাগরির ৪৫টি এবং ‘জেড’ ক্যাটাগরির ৪৫টি প্রতিষ্ঠান রয়েছে।

সূচক অনুযায়ী, ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৮৭৩ পয়েন্টে, যা সোমবারের ৪,৮৬১ পয়েন্ট থেকে উন্নীত। গত সাত কার্যদিবসে সূচকটি ২৬১ পয়েন্ট কমে গিয়েছিল।
এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়ে দাঁড়িয়েছে ১,০১৭ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ১,৯১৭ পয়েন্ট।

যদিও সূচকে ইতিবাচক পরিবর্তন এসেছে, লেনদেনের পরিমাণ কমেছে ১৬ কোটি ৫৬ লাখ টাকা। আজ লেনদেন হয়েছে ৩৩৯ কোটি ৭৫ লাখ টাকার, যা ২৩ জুনের পর সর্বনিম্ন।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়ে দাঁড়িয়েছে ২৬ কোটি ৩৪ লাখ টাকায়, যা আগের দিনের তুলনায় বেশি। তবে এখানে সূচকে দেখা গেছে উভয়মুখী প্রবণতা— সিএসপিআই সূচক ৫ পয়েন্ট কমে ১৩,৭৩৯ পয়েন্টে, সিএসসিএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে ৮,৫১৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট বেড়ে ১,০৬২ পয়েন্টে, এবং সিএসই ৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে ১২,৩৪৭ পয়েন্টে অবস্থান নিয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, টানা দরপতনের পর মঙ্গলবারের এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে আস্থার নতুন সঞ্চার করেছে, তবে লেনদেনের কম পরিমাণ বাজারে সতর্ক মনোভাবের ইঙ্গিত দিচ্ছে।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা