প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

গ্লোবাল ফাইন্যান্সের মূল্যায়নে ‘সি’ গ্রেড পেলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

আন্তর্জাতিক আর্থিক গণমাধ্যম গ্লোবাল ফাইন্যান্স প্রকাশিত ২০২৫ সালের মূল্যায়নে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর পেয়েছেন ‘সি’ গ্রেড। অর্থাৎ, তার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের সামগ্রিক কার্যকারিতা ‘মিশ্র’ বা গড়পড়তা হিসেবে বিবেচিত হয়েছে।

‘সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড ২০২৫’-এ জানানো হয়েছে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন, মুদ্রার স্থিতিশীলতা এবং নীতিগত বিশ্বাসযোগ্যতার চারটি সূচকে বাংলাদেশ ব্যাংক মাঝারি মানের পারফরম্যান্স দেখিয়েছে।

তুলনামূলকভাবে, শ্রীলঙ্কার গভর্নর নন্দলাল উইরাসিংহে পেয়েছেন ‘এ’ গ্রেড এবং ভিয়েতনামের গভর্নর নুয়েন থি হং পেয়েছেন সর্বোচ্চ ‘এ প্লাস’ গ্রেড।
অন্যদিকে, বাংলাদেশের সাবেক গভর্নর আবদুর রউফ তালুকদার ২০২৩ সালে পেয়েছিলেন ‘ডি’ গ্রেড। ফলে, মনসুরের আমলে পারফরম্যান্স কিছুটা উন্নত হলেও কাঙ্ক্ষিত মানে পৌঁছায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর দায়িত্ব গ্রহণ করেন আহসান এইচ মনসুর। তখন দেশজুড়ে চলছিল রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতে অনিয়ম, বৈদেশিক মুদ্রার সংকট এবং উচ্চ মুদ্রাস্ফীতি। দায়িত্ব নিয়ে তিনি রিপো রেট ৮.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশে উন্নীত করেন, যা মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আনলেও জিডিপি প্রবৃদ্ধি কমে ৩.৯ শতাংশে নেমে আসে—দশকের গড় ৬ শতাংশের তুলনায় অনেক কম।

এছাড়া, তার নেতৃত্বে বাংলাদেশ ব্যাংক আইএমএফ–এর সহযোগিতায় তিন বছরের ব্যাংকখাত সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। এতে খেলাপি ঋণ হ্রাস, দেউলিয়া আইন সংশোধন ও ব্যাংক পরিচালনায় জবাবদিহিতা বাড়ানোর উদ্যোগ থাকলেও বাস্তব অগ্রগতি ধীরগতির।

অর্থনীতিবিদদের মতে, ‘সি’ গ্রেড মানে হলো—নীতি সঠিক পথে থাকলেও বাস্তব পরিবর্তনের প্রভাব এখনো পুরোপুরি দৃশ্যমান নয়। ডলার বাজারের অস্থিরতা, ঋণ অনিয়ম ও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে না আসায় কেন্দ্রীয় ব্যাংক এখনও কঠিন চ্যালেঞ্জের মুখে রয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা