স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার জাতীয়করণের দাবিতে টানা ৩০তম দিনের মতো রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও আমরণ অনশন কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট ও আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচি চলতে দেখা যায়।
শিক্ষকরা জানান, ১৯৮৪ সালে দেশে ১৮ হাজার স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা ছিল, বর্তমানে সংখ্যা নেমে এসেছে ৮ হাজার ৯৫৬টিতে। এসব প্রতিষ্ঠানে প্রায় ৫০ হাজার শিক্ষক কর্মরত। এর মধ্যে প্রায় ৪ হাজার শিক্ষক সামান্য ভাতা (৩৩০০–৩৫০০ টাকা) পান, বাকিরা কোনো ভাতা ছাড়াই কাজ করছেন।
তারা অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। আমরা সরকার ঘোষিত জাতীয়করণের বাস্তবায়ন চাই।”
উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি সরকার পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাগুলো জাতীয়করণের ঘোষণা দেয়। কিন্তু ১০ মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়িত হয়নি।
আন্দোলনরত শিক্ষকরা বলেন, “সরকারের ঘোষণার বাস্তবায়ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। দ্রুত জাতীয়করণের প্রক্রিয়া শুরু না হলে আন্দোলন আরও কঠোর করা হবে।”