রাজধানী ঢাকায় সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে নগরবাসীর মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিষ্কার করতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, “ঢাকার চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিকেল পৌনে চারটায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন কমিশনার।”
গত কয়েকদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটছে। এতে সাধারণ মানুষ উৎকণ্ঠা ও আতঙ্কে দিন কাটাচ্ছে।
আগামী ১৩ নভেম্বর ঘোষিত রাজনৈতিক কর্মসূচি ও লকডাউন আহ্বানকে কেন্দ্র করে রাজধানীর বেশ কিছু স্থানে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন, প্যাট্রোলিং বৃদ্ধি এবং সন্দেহভাজনদের তল্লাশি অভিযান চালানো হচ্ছে। ডিএমপি জানিয়েছে, অরাজকতা বা নাশকতার যেকোনো প্রচেষ্টা কঠোর হাতে দমন করা হবে।