আসন্ন ১৩ নভেম্বরকে কেন্দ্র করে সারাদেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নিরাপত্তা জোরদারে প্যাট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) বিশেষ নজরদারি চলছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন— “১৩ নভেম্বরকে ঘিরে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। কেপিআই এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, পাশাপাশি মাঠপর্যায়ে প্যাট্রোলিং বৃদ্ধি করা হয়েছে। যত্রতত্র খোলা তেল বিক্রিও বন্ধ করা হয়েছে যেন কোনো ধরনের নাশকতার সুযোগ না থাকে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসী বা নাশকতাকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ সন্দেহজনক কিছু দেখলে অবিলম্বে পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি।”
নির্বাচন প্রস্তুতি নিয়েও আশাবাদী স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন, “নির্বাচন সামনে রেখে সার্বিক প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি সম্পন্ন হলে একটি মহড়া (ড্রিল) পরিচালনা করা হবে, যাতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সবাই প্রস্তুত থাকে।”