প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

কবিতা অকাল শ্রাবণ

অধ্যাপক মোরাদুজ্জামান মোরাদ
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫
ভোরের আলোর সুরের খেলা থেমে গেলো পলকে
ঝিলের জলে ঢেউয়ের নাচন নিথর হলো ঝলকে।
শিশির ফোটা ঝিলমিল করতো ঝরে গেলো সকালেই
নবীন গাছের সবুজ পাতা মরে গেলো অকালেই।
সোনালী রোদে প্রজাপতির ডানায় রঙের ঝলক ঝিকঝিকে
হঠাৎ করে ধূসর হলো চারিদিকে সব ফিক ফিঁকে।
দোয়েল পাখি কুঞ্জবনে সুরে সুরে গান গায় না আর
নীড় ভেঙে আজ উড়ছে ধুলো ডানা ভেঙে গেছে তার।
ফসলের মাঠ সবুজে ভরা পাকা ধানে কত হাসি
তবুও কেন উদাস বাতাস দিয়ে গেলো আজ ফাঁকি।
সকালে ছিলো ভরা জোয়ার বিকেলে ঢেউ গেলো মরে
আঁচল ঢাকা মুখটি এখন, কাঁদছে সবাই চুপটি করে।
যে জীবনের কলি গুলো ফুটার আগেই গেলো ঝরে
সুগন্ধিটা ছড়াবে এখন, তার আগেই তা যায় মরে।
শীতও আসেনি, হেমন্তেরও ঘুর কাটেনি যেই বনে
তবে কেন সেথায় রঙ বদলে গেলো এমন ক্ষণে।
ওহে নিঠুর বিষণ্ণ বাতাস কেন যে তুমি উতলা হও
নবীন গাছের ডালে গজানো পাতা গুলো শুধু লও।
কথা ছিল গাছটি এখন ছায়া দিবে নতুন করে
ভোরের আগেই চলে গেলো অকালের এক ঘুর্ণিঝড়ে।
কতো কথা,কতো স্মৃতি জমা ছিলো এই বুকে
দুখে’র সাথী,সুখের সাথী কেঁদে মরে ধুঁকে ধুঁকে।
যেজন গেছে বাঁধন ছিড়ে কখনো পারবেনা কথা কইতে
বিধির বিধান, শত কষ্ট বুকে তবু পারতে হবে সইতে।
অকাল শ্রাবণ মেঘের বাতাস বিবর্ণ হয়ে হাসে
কোন এক বসন্তের স্মৃতি, শীতের বাতাসে ভাসে।
অকালের মৃত্যুটা যেন কবির অসমাপ্ত কবিতার বুকে ব্যাথা
যেখানে বাসা বাঁধে মৃতু, বলা হয় না অসমাপ্ত থাকে কত কথা

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা