প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ইস্যুতে রায় বৃহস্পতিবার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে করা আপিলের শুনানি শেষ হয়েছে। সর্বোচ্চ আদালত আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) এই বিষয়ে রায় ঘোষণা করবেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ এর নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চ এ রায়ের তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ২১ অক্টোবর থেকে শুরু হওয়া ধারাবাহিক শুনানি চলে ২৯ অক্টোবর পর্যন্ত। পরবর্তীতে ২, ৪, ৫ ও ৬ নভেম্বর আরও চার দফায় শুনানি অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, যিনি আদালতে বলেন— “তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় সমাজে এমনভাবে আঘাত হেনেছে যা সাংবিধানিক কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর ভিত্তি নড়বড়ে করেছে। এখন মৃত মানুষও ভোট দেয়— এমন অবাস্তব চিত্র জাতি দেখেছে।”

এর আগে গত ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন গ্রহণ করে আপিল বিভাগ। পরে ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ বিশিষ্ট নাগরিক আপিল করেন।

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে ২০১১ সালের ১০ মে, আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ওই সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। পরে পাস হয় পঞ্চদশ সংশোধনী আইন, যার মাধ্যমে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর আবারও এই রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের সঙ্গে পরে যুক্ত হন বীর মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও।

সবশেষে, প্রায় দুই দশকের আইনি প্রক্রিয়া শেষে ২০ নভেম্বর বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে দেশের সর্বোচ্চ আদালত।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা