প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জবিতে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ‘রান উইথ শিবির’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৫

‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’ — এই অনুপ্রেরণামূলক স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবির আয়োজন করে ব্যতিক্রমী কর্মসূচি ‘রান উইথ শিবির’।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই দৌড় কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে ক্যাম্পাস এলাকা ঘুরে ধোলাইখাল ও কোর্টপাড় হয়ে ধূপখোলা মাঠে গিয়ে শেষ হয় কর্মসূচি।

শাখা সূত্রে জানা গেছে, তিন হাজারেরও বেশি শিক্ষার্থী অনলাইনে নিবন্ধন করেন, এর মধ্যে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী সক্রিয়ভাবে অংশ নেন।

বাংলা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মোবারক হোসেন বলেন, “এমন আয়োজন অসাধারণ! অংশ না নিলে সত্যিই আফসোস লাগত। জগন্নাথে এমন বিনোদনধর্মী কর্মসূচি আরও হওয়া উচিত।”

কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহিদী বলেন, “শিক্ষার্থীদের জ্ঞানচর্চার জন্য প্রথম শর্ত হলো শারীরিকভাবে সুস্থ থাকা। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শরীরচর্চার উপযুক্ত অবকাঠামো এখনো নেই। আজকের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে, তারা স্বাস্থ্যসচেতন। প্রশাসনের প্রতি আহ্বান— শরীরচর্চার উপযোগী পরিবেশ দ্রুত তৈরি করা হোক।”

এসময় কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, “এই আয়োজন শুধু একটি দৌড় নয়— এটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার আন্দোলন। আগামীর বাংলাদেশ গড়তে সুস্থ তরুণ প্রজন্মের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “অতীতের সীমাবদ্ধতা কাটিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিবির এখন শিক্ষার্থীদের জন্য ধারাবাহিকভাবে ইতিবাচক আয়োজন করছে, যা প্রশংসনীয়।”

কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিগবাতুল্লাহ সিগবা বলেন, “বাংলাদেশ এখন নানা সংকটে রয়েছে। এই সময়ে তরুণ প্রজন্মের ফিটনেস ও সচেতনতা অত্যন্ত জরুরি। তরুণরা সজাগ থাকলে কোনো ফ্যাসিবাদী বা বিদেশি প্রভাব দেশকে বিপথে নিতে পারবে না।”

জবি শাখা সভাপতি রিয়াজুর ইসলাম বলেন, “আমাদের প্রতিপাদ্য ছিল— ‘চলো একসাথে হাঁটি, একসাথে দেশ গড়ি’। শিক্ষার্থীদের বিপুল অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর কর্মসূচি আয়োজন অব্যাহত থাকবে।”

এসময় উপস্থিত ছিলেন শাখা শিবিরের সাবেক সভাপতি মাকসুদুর রহমান, আসাদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল আব্দুল আলিম আরিফ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহেদ, অফিস সম্পাদক ইব্রাহিম খলিলসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা